
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে সিলেট সদর উপজেলা পর্যায়ে মাদরাসা বিভাগে আবারও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মর্যাদা অর্জন করেছে মুহাম্মদিয়া ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদরাসা। ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি টানা তৃতীয়বারের মতো এই সম্মাননা অর্জন করায় শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ের মূল্যায়ন কমিটি মাদরাসাটির সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা করে এ স্বীকৃতি প্রদান করেন। শিক্ষার ফলাফল, অবকাঠামোগত সুবিধা, আইসিটি ব্যবহার, শৃঙ্খলা, পাঠদান পদ্ধতি, সহশিক্ষা কার্যক্রম এবং সার্বিক ব্যবস্থাপনায় উৎকর্ষতার ভিত্তিতে প্রতিষ্ঠানটিকে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়।
প্রতিষ্ঠানটির এই ধারাবাহিক সাফল্যের পেছনে সুপার মাওলানা সৈয়দ কুতবুল আলম–এর দূরদর্শী নেতৃত্ব, শিক্ষকবৃন্দের নিষ্ঠা এবং দক্ষ ম্যানেজিং কমিটির কার্যকর পরিচালনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
শ্রেষ্ঠত্ব অর্জনের খবরে মাদরাসা প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শুভানুধ্যায়ীরা মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপজেলা প্রশাসনের মূল্যায়ন কমিটির প্রতি ধন্যবাদ জানান।
২০০৩ সালে প্রতিষ্ঠিত এই মাদরাসায় বর্তমানে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। মানসম্মত শিক্ষা প্রদান, ইসলামী সংস্কৃতি চর্চা, খেলাধুলা ও জাতীয় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটি এলাকায় ইতোমধ্যে একটি স্বতন্ত্র পরিচিতি অর্জন করেছে। এই সাফল্য মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টারই ফল।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, দেশ, জাতি ও দ্বীনের জন্য আদর্শ নাগরিক গড়ে তুলতে তারা আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন। এই স্বীকৃতি তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে আরও উন্নত মানের শিক্ষা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।
এছাড়াও জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে প্রতিষ্ঠানটির প্রাপ্ত অন্যান্য সম্মাননার মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন সুপার মাওলানা সৈয়দ কুতবুল আলম।
