আপডেট

বার্ষিক পরীক্ষা-২০২৫ এর ফলাফল

ডিসেম্বর ২৪, ২০২৫ আনুষ্ঠানিক ছবি

আনন্দঘন পরিবেশে প্রকাশিত হলো মাদ্রাসার বার্ষিক পরীক্ষা-২০২৫ এর ফলাফল

অনন্য এক আনন্দঘন পরিবেশে আজ (২৩ ডিসেম্বর ২০২৫) মুখরিত হয়ে ওঠে মাদ্রাসা প্রাঙ্গণ। শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম, অভিভাবকদের প্রত্যাশা এবং শিক্ষকদের আন্তরিক সাধনার সম্মিলনে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো বার্ষিক পরীক্ষা–২০২৫-এর ফলাফল।

মুহাম্মদিয়া ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল আজ মাদ্রাসার হলরুমে অত্যন্ত সুশৃঙ্খল, আনন্দময় ও উৎসবমুখর পরিবেশে প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

মাদ্রাসার সম্মানিত সুপার মাওলানা সৈয়দ কুতবুল আলম-এর সভাপতিত্বে সকাল ১০:০০ ঘটিকায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। কানায় কানায় পরিপূর্ণ হলরুমে শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাই অধীর আগ্রহে ফলাফলের অপেক্ষায় ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন মাদ্রাসার সিনিয়র মৌলভী মাওলানা সাজিদুর রহমান।

এ বছর বার্ষিক পরীক্ষার ফলাফল নোটিশ বোর্ডে প্রকাশের পাশাপাশি মাদ্রাসার অফিসিয়াল ওয়েবসাইটেও একযোগে প্রকাশ করা হয়। মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা সাইদুল ইসলাম উপস্থিত সকলকে অত্যন্ত সহজ ও স্পষ্টভাবে ফলাফল সংক্রান্ত দিকনির্দেশনা প্রদান করেন। তিনি অভিভাবক ও শিক্ষার্থীদের সামনে অনলাইনে ফলাফল দেখার নিয়মাবলি বিস্তারিতভাবে উপস্থাপন করেন। একই সঙ্গে মাদ্রাসার ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে ফলাফল দেখার নির্দেশনাগুলো প্রচার করা হয়।

অনলাইনে ফলাফল প্রকাশের ফলে শিক্ষার্থীদের মধ্যে আলাদা এক উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেক অভিভাবক হলরুমে বসেই নিজেদের মোবাইল ফোনে মাদ্রাসার ওয়েবসাইট ব্রাউজ করে সন্তানের ফলাফল দেখে নেন। এ সময় পুরো হলরুমজুড়ে আনন্দের ধ্বনি ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে মাইকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মঞ্চের সামনে ডেকে নেওয়া হয়। সুপার মহোদয় তাদের মিষ্টিমুখ করিয়ে সাফল্য উদযাপন করেন।

পাশাপাশি শিশু থেকে ২য় শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ ও উৎসাহে শামিল করা হয়। এ সময় মঞ্চে উপস্থিত মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব মোছাঃ মাহজাবিন আক্তার, জনাব পরিতোষ অধিকারী এবং জনাব কাওছার আহমদ শামীম শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান।

অনুষ্ঠান শেষে যথারীতি ফলাফলের বিস্তারিত বিবরণ মাদ্রাসার নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়। যারা সঙ্গে মোবাইল ফোন নিয়ে আসেননি, তারা নোটিশ বোর্ড থেকে নিজেদের ফলাফল দেখে নেন। অনেকেই আবার অনলাইনের সাথে নোটিশ বোর্ডের রেজাল্ট মিলিয়ে নিশ্চিত হলেন নিজের সন্তানের দীর্ঘ সাধনার ফসল ঠিকঠাক আছে কি না। পুরো আয়োজনটি ছিল শৃঙ্খলা, সৌহার্দ্য ও আনন্দের এক সুন্দর সমন্বয়।

পরিশেষে সুপার মহোদয় তার বক্তব্যে শিক্ষার্থীদের এই সাফল্যকে আরও উৎসাহিত করার লক্ষ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করার ঘোষণা প্রদান করেন এবং ফলাফল প্রকাশ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

হোয়াটসাঅ্যাপ চ্যাট
লোডিং হচ্ছে...